ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৭ মাস ধরে অসুস্থ। গত ৬ মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। আজ বুধবার কানাডা থেকে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৭ মাস ধরে অসুস্থ। গত ৬ মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
সংবাদ সম্মেলনে মিরাজুল মইন জয় বলেন, ‘আমার বাবা ব্রেইন টিউমারে আক্রান্ত। এখনো তার চিকিৎসা চলছে। তিনি এখন লন্ডনে আছেন। চিকিৎসার কারণেই তিনি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন।’
চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে নেওয়া হয়।
মিরাজুল মইন জয় আরও জানান, গত ২৬ এপ্রিল লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ইলিয়াস কাঞ্চন। লন্ডনে পৌঁছানোর পরদিনই তাকে সেখানকার হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেওয়া হয়। আগামী কিছুদিন চিকিৎসার নতুন ধাপ শুরু হবে। চলবে ৬ সপ্তাহ পর্যন্ত। এরপর ৪ সপ্তাহ চিকিৎসকদের অবজারভেশনে থাকবেন বলে জানা গেছে।








