ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৬ মাস ধরে নেতৃত্বশূন্য রাজশাহী মহানগর ছাত্রদল, পদ পেতে দৌড়ঝাঁপ

Rajshahi Samachar
মার্চ ৩০, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ । ১৭৪ জন
ছবি: আর এস গ্রাফিক্স

রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত হওয়ার ছয় মাস পার হলেও নতুন কমিটি এখনো ঘোষণা করা হয়নি। এতে মহানগরের ছাত্ররাজনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আলোচনা ও নানামুখী তৎপরতা। সম্ভাব্য নেতারা কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে যোগাযোগ বাড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয় হয়ে উঠেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। কেন্দ্রীয় নেতারা তখন জানান, কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের জুনে আকবর আলী জ্যাকিকে সভাপতি এবং খন্দকার মাকসুদুর রহমান সৌরভকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়েছিল। প্রায় দুই বছর তিন মাস পর সেই কমিটি বাতিল করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর ছাত্রদলের আওতায় রয়েছে আটটি থানা এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট। কমিটি বিলুপ্তির সময় দ্রুত নতুন নেতৃত্ব আনার আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এতে পদপ্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য প্রার্থীরা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয় সিনিয়র নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে কয়েকজন নেতা নিজেদের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা তুলে ধরছেন।

মহানগরের বিভিন্ন থানা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নেতাদের মতে, দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত গ্রহণযোগ্য নেতৃত্ব এলে সংগঠন আবার সক্রিয় হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাকিন রায়হান রবিন বলেন, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি মাঠপর্যায়ে কাজ করেছেন। দায়িত্ব পেলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, দল তার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করলে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান। শিক্ষার্থীদের ফি-সংক্রান্ত সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি জানান, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকার কারণে তার শক্তিশালী গ্রাসরুট নেটওয়ার্ক রয়েছে, যা দায়িত্ব পেলে সংগঠনকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে মহানগর ছাত্রদল আবারও সুসংগঠিত হবে—এটাই সবার প্রত্যাশা। তিনি চলমান শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের ওপর গুরুত্ব দেন।

চন্দ্রীমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন বলেন, ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠন হিসেবে ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পাশে থাকা এবং অসচ্ছলদের সহযোগিতায় এগিয়ে আসার ওপর জোর দেন তিনি।

নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সাব্বির আহমেদ অন্তর বলেন, ক্যাডারনির্ভর রাজনীতির পরিবর্তে শিক্ষার্থীবান্ধব ও মেধাভিত্তিক ‘স্মার্ট ছাত্ররাজনীতি’ সময়ের দাবি। দায়িত্ব পেলে সে লক্ষ্যেই কাজ করবেন বলে জানান তিনি।

এদিকে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ তপন। কেন্দ্রীয় পর্যায়ের একাধিক সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। তৃণমূল পর্যায়েও তার গ্রহণযোগ্যতা থাকায় আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।