ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কলেজে আর্থ আওয়ার উপলক্ষে রোভারদের র‍্যালি ও আলোচনা সভা

Rajshahi Samachar
মার্চ ২৯, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ । ১১২ জন

বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কলেজে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ রোভার ডেন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে রোভারদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে র‍্যালিটি পুনরায় রাজশাহী কলেজে ফিরে আসে।

এ সময় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বর্তমানে বিশ্ববাসীর জন্য অন্যতম বড় হুমকি। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভারের সহ-সভাপতি ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, বিভাগীয় রোভার প্রতিনিধি ড. মো. জহিরুল ইসলাম, জেলা রোভারের সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান, আরএসএল প্রতিনিধি আব্দুর রাজ্জাক এবং সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার শিশির ও রোভার সাব্বির।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘Give an Hour to Earth’ প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পালন করা হবে ‘আর্থ আওয়ার ২০২৬’। এ সময় অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রেখে বা ব্যবহার সীমিত রাখার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করা হয়।