ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তানোরে মাটি কাটার অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা

Rajshahi Samachar
জানুয়ারি ১৫, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ । ১৩৫ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে অবৈধভাবে মাটি কাটা ও বহনের দায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করে মেশিন দুটি বিকল করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

সুত্র জানিয়েছে, কৃষি ডাঙ্গা জমি থেকে রাতের আঁধারে কেটে নেওয়া মাটি তামান্না হিমাগারের জমি ও জলাশয় ভরাট করতে ব্যবহার করা হচ্ছিল। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে এবং ঘটনাস্থলে জরিমানা আদায় করে।

সহকারী কমিশনার শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সুযোগ নেই, যারা এই আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।