স্নিগ্ধ সাদা পোশাকে আনহা তাবাসসুম বাঁধনকে দেখলে মনে হয় যেন এক টুকরো প্রশান্তি। কপালে ছোট্ট টিপ, চোখেমুখে আত্মবিশ্বাসের দীপ্তি আর ব্যক্তিত্বে আভিজাত্য—সব মিলিয়ে তিনি অনন্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী কেবল বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা কোনো পড়ুয়া নন, বরং বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিং দুনিয়ার এক উজ্জ্বল ও পরিচিত মুখ।
আনহার এই পথচলার গল্পটা শুরু হয়েছিল ময়মনসিংহ থেকে, খুব সাদামাটাভাবে। ফেইসবুক গ্রুপের একটি বিজ্ঞাপন দেখে ‘ডি সেল অ্যাড ফার্ম’-এর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তার ব্র্যান্ড প্রমোটার হিসেবে অভিষেক ঘটে। সেই ছোট্ট সাহসিকতার সূচনা আজ তাকে এনে দিয়েছে হাজারো মানুষের পরিচিতি। শুরুতে স্কিন কেয়ার ও হেয়ার প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করলেও, এখন তিনি গ্যাজেট, হোম ডেকোর, ফুড আইটেম থেকে শুরু করে পোশাক—সব ধরনের পণ্যের প্রমোশনেই সমান দক্ষ। তার সাবলীল উপস্থাপনা পণ্যগুলোকে ক্রেতাদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে।
আনহা স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার। মিডিয়া জগত তাকে হাতছানি দেয়; ভবিষ্যতে ভালো গল্পের শর্ট ফিল্ম বা নাটকে অভিনয় করার ইচ্ছে যেমন তার আছে, তেমনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে তিনি নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। তবে গ্ল্যামারের এই জগতই তার একমাত্র গন্তব্য নয়। আনহার জীবনের মূল লক্ষ্য আরও সুদৃঢ় ও চ্যালেঞ্জিং। ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন শেষ করে তিনি নিজেকে দেখতে চান একজন ‘বিসিএস ক্যাডার’ হিসেবে। একদিকে সৃজনশীল মিডিয়া জগত, অন্যদিকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক সেবায় যুক্ত হওয়ার স্বপ্ন—এই দুইয়ের ভারসাম্যই আনহা তাবাসসুম বাঁধনকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
নতুন যারা এই পথে আসতে চান, তাদের জন্য আনহা এক অনুপ্রেরণার নাম। তিনি বিশ্বাস করেন, এই পেশায় টিকে থাকার মূলমন্ত্র হলো ‘টাইম সেন্স’ বা সময়ের সঠিক ব্যবহার এবং ‘কাজের কোয়ালিটি’ বা মানের সাথে আপস না করা। তার মতে, একবার ব্যর্থ হয়ে আশা হারিয়ে ফেললে চলবে না; ধৈর্য ধরে নিজের ওপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই। পড়াশোনার চাপ, বিসিএস-এর কঠিন প্রস্তুতি আর মিডিয়ার ব্যস্ততা—সবকিছু সামলে আনহা এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। তার এই অদম্য স্পৃহা আর পরিশ্রমই বলে দেয়, আগামীর আকাশটা আনহার দখলেই থাকবে।








