ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিপুল অস্ত্র ও মাদকসহ রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর আটক

Rajshahi Samachar
জানুয়ারি ১০, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ । ১৬৩ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি চিহ্নিত সন্ত্রাসী মোঃ চাঁন সওদাগরকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (রাত) গভীর রাতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁন সওদাগর ও তার কয়েকজন সহযোগীকে আটক করা হয়। অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পরে আটককৃত চাঁন সওদাগরকে রাজশাহীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামের বাসিন্দা মোঃ চাঁন সওদাগর (৩৩), পিতা— মোঃ আবু রউফ মিস্ত্রি, দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশের নথি অনুযায়ী, চাঁন সওদাগরের বিরুদ্ধে রাজপাড়া, বোয়ালিয়া, শাহ মখদুম ও মতিহার থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতি প্রস্তুতি, অস্ত্র আইনে অপরাধ, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন গুরুতর ধারা।

সংশ্লিষ্ট থানাগুলোর এফআইআর ও চার্জশিট পর্যালোচনায় দেখা গেছে, ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলাগুলোতে চাঁন সওদাগর এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত। কিছু মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, চাঁন সওদাগর দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবে বিবেচিত ছিলেন। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে পুলিশ।