ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Rajshahi Samachar
জানুয়ারি ১৪, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ । ২৯৫ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের ওয়াজের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহত বিএনপি নেতাকর্মীরা হলেন- চৌপুকুরিয়া গ্রামের শাহেদ আলী (২৯), রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে ইমন ইসলাম (২০)। তবে এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করলেও এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রেজাউল ইসলামের সঙ্গে বিএনপি কর্মী আবু বাক্কারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রেজাউলের অভিযোগ, আবু বাক্কার গ্রুপের স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদির নেতৃত্বে সাইদ নামের এক দোকানির কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এ নিয়ে সোমবার দুপুরে কাঠালবাড়িয়া বাজারে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।

দুপুরের ওই ঘটনার জের ধরে সন্ধ্যার পর আবু বাক্কার ও তার দুই ছেলে আশিক ও করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী চৌপুকুরিয়া গ্রামের ওয়াজের মোড় এলাকায় রেজাউল পক্ষের ইমন ও শাহেদের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের রক্ষা করতে গেলে রেজাউল ইসলামকেও বেধড়ক মারধর করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।