ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

Rajshahi Samachar
জানুয়ারি ২৭, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ণ । ৩১০ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কে প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সড়গাছি ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকার ধান ও চাল ব্যবসায়ী নজরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কর্মচারী সম্রাট হোসেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার সকালে নজরুল ইসলাম তাঁর কর্মচারী সম্রাট হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ধোপাপাড়া বাজার থেকে তাহেরপুর হাটের উদ্দেশে রওনা দেন। হাটে ধান কেনার জন্য তাঁদের সঙ্গে ছিল নগদ ৫ লাখ ৫৩ হাজার টাকা। সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের সড়গাছি ব্রিজে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে।

ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে জিম্মি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারিরা সম্রাট হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এর পর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত সম্রাটকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আহত সম্রাট হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।’

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘ধান কেনার জন্য তাহেরপুর হাটে যাওয়ার পথে চার অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে আমাদের পথরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।’

ঘটনার পরপরই বিষয়টি আর্মি ক্যাম্প, পুঠিয়া থানা ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পাশাপাশি সাধনপুর পুলিশ ফাঁড়ি ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, পুলিশ ফাঁড়িকে অবহিত করে হয়েছে এবং বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করা হয়। খুব শিগগিরই ছিনতাইকারীদের শনাক্ত করে আটক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যসূত্র: পদ্মাটাইমস