ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মাদ্রাসা থেকে পালানো দুই কিশোর উদ্ধার

Rajshahi Samachar
মার্চ ৩, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ । ৫৩ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই কিশোরের বয়স ১৪ বছর। তাদের একজন আকাশ আহমেদ এবং অন্যজন রিফাত ইসলাম। উভয়ের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল তাদের উদ্ধার করে।

আজ দুপুরে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজের ঘটনায় নগরের মতিহার থানা-য় তাদের বাবারা পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে র‍্যাব তাদের সন্ধান শুরু করে এবং পরে উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে দুই কিশোরকে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।