ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সনদ বিতরণে শেষ হল শিশু সাংবাদিকতার কর্মশালা

Rajshahi Samachar
জানুয়ারি ১৮, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ণ । ৯৫ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে।

ইউনিসেফের অংশীদারিত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শনিবার বিকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় একটি রেস্তরাঁর সভাকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।

এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে শিশু সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকমের জেলা প্রতিনিধি বদরুল হাসান লিটন।

এতে সঞ্চালনা করেন সংবাদমাধ্যমটির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান।

এই আয়োজনে অতিথি ছিলেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মোজাম্মেল হোসেন বকুল।

তিনি শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা একটি পোর্টালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছ। এগুলোকে নয়া মিডিয়া বা নিউ মিডিয়া বলা হয়। সনাতনী গণমাধ্যমের তুলনায় এখন এসব মিডিয়া মানুষের কাছাকাছি বেশি যেতে পারছে।

“তোমাদের প্রতিবেদন যদি প্রকাশিত হয় তাহলে তোমার কথাগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার সনদ, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শিশুদের প্রশিক্ষণ দেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।

সব আনুষ্ঠানিকতা শেষে বিদায় মুহূর্তে নবীন সাংবাদিকরা একে অপরের সঙ্গে ছবি তোলে। শেষ সময়টা তাদের হাসি-ঠাট্টা আর আনন্দে মুখর ছিল।

প্রতিবেদক: সাফিয়া আফরিন (১৬), সিরাতুল জান্নাত রুকু (১৭), রাজশাহী।