ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১০ টাকা ভাড়ার দ্বন্দ্বে যাত্রীর নাতিকে নিয়ে পালালেন রিকশাচালক

Rajshahi Samachar
মার্চ ৪, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ । ৮৪ জন
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক অটোরিকশাচালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে মারধরের শিকার হয়ে তিনি পুলিশের হাতে সোপর্দ হন।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত অটোরিকশাচালক মো. আকাশ (২৫)। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করেছে।

শিশুটির নাম মেহেদী হাসান। তার বাবা মকবুল হোসেনের বাড়ি গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকায়। মেহেদী পবা উপজেলার সোনাইকান্দি গ্রামে খালার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

শিশুটির খালা আফরোজা বেগম জানান, পেটব্যথার কারণে মেহেদী তার নানি কাজল রেখার সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। চিকিৎসা শেষে ফেরার পথে তারা একটি অটোরিকশায় ওঠেন।

কাশিয়াডাঙ্গা থানার এএসআই নূর হোসেন জানান, অটোরিকশাচালক নানি ও নাতির মোট ভাড়া ২০ টাকা দাবি করেন। কিন্তু নানির কাছে ছিল মাত্র ১০ টাকা। তিনি চালককে ১০ টাকা দিয়ে বাকি পথ পরে পরিশোধের কথা বলেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে চালক ১০ টাকার জন্য শিশুটিকে রিকশায় তুলে নেন। এক হাত দিয়ে শিশুটিকে ধরে অন্য হাত দিয়ে রিকশা চালিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

ঘটনার পর নানি কাজল রেখা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার শুরু করেন এবং চালককে খুঁজতে থাকেন। পরে নগরের হড়গ্রাম এলাকায় চালককে শনাক্ত করেন। স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। এ সময় চালক দাবি করেন, কিছু দূরে নিয়ে গিয়ে শিশুটিকে নামিয়ে দিয়েছেন। তবে উপস্থিত কেউ তার বক্তব্যে আস্থা রাখেননি। পরে তাকে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত রাজপাড়া থানা এলাকায় হওয়ায় আইনি প্রক্রিয়ার জন্য অভিযুক্তকে রাজপাড়া থানায় পাঠানো হয়েছে। এদিকে, শিশুটি একাই বাড়ি ফিরে যায়। পরে পুলিশ তাকে বাড়ি থেকে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

অভিযুক্ত আকাশ ১০ টাকা ভাড়ার জন্য শিশুটিকে তুলে নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, কিছু দূরে নিয়ে গিয়ে শিশুটিকে নামিয়ে দিয়েছেন। ছবি তুলতে গেলে তিনি মুখ ঢেকে রাখেন এবং বলেন, ছবি প্রকাশ হলে তাঁর ক্ষতি হবে।

শিশুটির বাবা মকবুল হোসেন বিকেলে রাজপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেন। তিনি বলেন, তিনি গরিব মানুষ, কষ্ট করে সন্তানকে বড় করছেন। অটোরিকশাচালক তাঁর শিশুকে অপহরণের চেষ্টা করেছেন। পরিস্থিতি বেগতিক দেখে শিশুটিকে নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানা এলাকায় হওয়ায় সেখানেই মামলা নেওয়া হবে। আপাতত অভিযুক্ত অটোরিকশাচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সূত্র:পদ্মাটাইমস