রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত ‘ক্যামব্রিজ ইংলিশ ও ফুড ফিয়েস্তা’ অনুষ্ঠানটি ছিল নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশে ভরপুর। নাচ, গান ও অভিনয়সহ শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে যোগ হয় একটি ব্যতিক্রমী আকর্ষণ—তায়কোয়ানডো প্রদর্শনী।
এই তায়কোয়ানডো প্রদর্শনীটি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রদর্শনী চলাকালে তায়কোয়ানডো দলের সদস্যরা তাদের কৌশল, শারীরিক শক্তিমত্তা ও আত্মরক্ষামূলক দক্ষতা তুলে ধরেন। শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ পরিবেশনায় মুগ্ধ হয় শিক্ষার্থী ও দর্শকরা। পুরো মিলনায়তনে সৃষ্টি হয় ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের আবহ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তায়কোয়ানডো প্রদর্শনকারী দলের সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।








