ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

Rajshahi Samachar
জানুয়ারি ৭, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ । ৭৩ জন
ছবি: সংগৃহীত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১ শত কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার সময় পুঠিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযানে ওই জমি উদ্ধার করা হয়।

উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে বহু বছর ধরে ১.৫০ একর সরকারি জমি অবৈধ দখলদাররা প্রায় ৫০ টির অধিক স্থাপনা দোকান নির্মাণ করে দখল করে রাখে। পরে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেসব জায়গা দখলমুক্ত করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার মতো।

রাজশাহী অঞ্চলের মধ্যে আম ও কাঁচা মালের জন্য বানেশ্বর বাজারটি বেশ বড়। সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় হাটে যাওয়া নানান রকম পণ্য নিয়ে কৃষকরা নাটোর-রাজশাহী মহাসড়কের উপর হাট বসায়। এতে করে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। সেসব বিষয়কে লক্ষ্য রেখে মূলত ওই অভিযান পরিচালনা করা হয়। গত এক সপ্তাহ আগে একইভাবে পার্শ্ববর্তী আরেকটি ঝলমলিয়া নামের হাট, রাস্তার উপর বসার কারণে দুর্ঘটনা ঘটে প্রায় ৫ জন নিহত ও অন্তত ৩০ জনের মতো মানুষ আহত হয়েছিলেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস বলেন, সরকারি নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গত প্রায় দেড় মাস আগে থেকে মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও গতকালও মাইকিং করা হয়েছে। মূলত সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার উপর হাট বসে। এতে করে দুর্ঘটনা ও ট্রাফিক জ্যাম বানেশ্বর হাটে নিত্যদিনের সঙ্গী।

যার কারণে অভিযান পরিচালনা করে জায়গাটি খালি করে দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে কৃষকরা তাদের পণ্য নিয়ে এখন থেকে আর রাস্তায় বসতে হবে না। সরকারি জায়গায় হাট বসাতে পারবে এবং জনসাধারণের খুব উপকার হবে।

এছাড়াও যে জায়গাটুকু খালি করা হয়েছে তার বর্তমান বাজার দর প্রায় একশ কোটি টাকার মতো। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে উপজেলাটির সকল সরকারি জায়গা-জমি উদ্ধার করা হবে।