ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চমবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সাদিয়া রশ্নি সূচনা

আশরাফুল ইসলাম অন্তর
জানুয়ারি ৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ । ৯৭ জন
পঞ্চমবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সাদিয়া রশ্নি সূচনা

আশরাফুল ইসলাম অন্তর: রাত পোহালেই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতো এবারের আসরেও উৎসবের উপস্থাপনার দায়িত্বে থাকছেন নন্দিত উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা। এর মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যাবে তাঁকে।

গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এই মর্যাদাপূর্ণ উৎসবের উপস্থাপনা করে আসছেন সূচনা। অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থিতির কারণে দর্শক-শ্রোতাদের কাছে তিনি ইতিমধ্যেই এই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আন্তর্জাতিক অঙ্গনের শিল্পী ও নির্মাতাদের সঙ্গে তাঁর কথোপকথন, সংযত অথচ প্রাণবন্ত উপস্থাপনা উৎসবকে দেয় আলাদা মাত্রা।

এবারও এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সূচনা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“বিশ্বব্যাপী সমাদৃত এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পারা আমার জন্য সত্যিই গর্বের। প্রতিবারের মতো এবারও বিশ্বের নানা প্রান্তের গুণী শিল্পী ও নির্মাতাদের সঙ্গে একই মঞ্চে থাকার সুযোগ পাব। তাঁদের কাজ, জীবনদর্শন ও অভিজ্ঞতা থেকে শেখার বিষয়টি আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। এই উৎসবের প্রতিটি মুহূর্ত আমার কাছে ভীষণ স্মরণীয়।”

আনন্দের পাশাপাশি সামান্য আক্ষেপও আছে তাঁর কণ্ঠে। সূচনার মতে, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা সম্ভব। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে চলচ্চিত্র উৎসবগুলো আয়োজন করা হয়, তেমন আয়োজন আমাদের দেশেও সম্ভব—যদি পৃষ্ঠপোষকতার পরিমাণ আরও বাড়ে।

এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সূচনা আড্ডা দিয়েছেন ও সাক্ষাৎকার নিয়েছেন ইরানি নির্মাতা মাজিদ মাজিদি, বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, গায়ক কবীর সুমন, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্রসহ দেশ-বিদেশের বহু খ্যাতিমান শিল্পীর। এসব অভিজ্ঞতা তাঁকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু হচ্ছে আগামীকাল এবং চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

এবারের উৎসবে মোট ১১টি বিভাগে বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে। বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে ৯টি চলচ্চিত্র।