আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর পবায় উঠান বৈঠক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এ বৈঠকে প্রায় ৫০০ নারী ও শতাধিক পুরুষ তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। মঙ্গলবার বিকেলে পবা উপজেলার পোড়াপুকুর গ্রামের এক আমবাগানে এ উঠান বৈঠক হয়।
উঠানে প্রথমে বক্তব্য দেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার। এরপর গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, ‘আপনি যদি নারীর অধিকার চান, সংসদে যদি আপনার অধিকার নিশ্চিত করতে চান তাহলে হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। যদি নায্য ও বৈষম্যহীন সরকার চান, সুন্দর দেশ চান, নিরপেক্ষ বিচারব্যবস্থা চান। সংস্কার, স্বচ্ছতা, ন্যায় ও জবাবদীহিতার জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। আর সংসদ সদস্য নির্বাচন করতে যাকে খুশি তাকে ভোট দেবেন।’
পরে তিনি উপস্থিত নারী-পুরুষদের কাছ থেকে তাদের মতামত শোনেন। কালুমেড় গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের শহীদের প্রতি যে হ্যাঁ ভোট অ্যাসিছে, সভাই আমরা সকাল সকাল কেন্দ্রে যায়ে হ্যাঁ ভোট দিব। আমার ভাইয়ের খুনিদের ক্ষমা করে দিবে রাষ্ট্রপতি, তা হোবে না। তাই হ্যাঁ ভোট অ্যাসিছে, আমরা সভাই হ্যাঁ ভোট দিয়ে দিব।’
একই গ্রামের বেসরকারি চাকরিজীবী হাসমত আলী বলেন, ‘হ্যাঁ ভোট দিলে একটা দেশে কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কেউ স্বৈরাচার হতে পারবে না। তাই আমরা হ্যাঁ ভোট দিব। দেশ পরিচালনায় সরকারি দলের পাশাপাশি বিরোধীদলের অংশগ্রহণ করতে হ্যাঁ ভোট দিব।’
পোড়াপুকুর গ্রামের মনোয়ারা বেগম ও আলেকজান বেগমও বললেন, হ্যাঁ ভোট দেবেন তারা। এমন প্রতিশ্রুতির জন্য তথ্য সচিব তাদের ধন্যবাদ জানান। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার আগেই ভোট কেন্দ্রে চলে গিয়ে নিজের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রলালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, উপসচিব তাসলিমা নূর হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন, রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার এবং নতুন ভোটারদের জন্য ‘গণভোট ও নির্বাচন-২০২৬ প্রচারণা’ অনুষ্ঠানে যোগ দেন তথ্য সচিব। মহিলা কলেজের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। রাজশাহী কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী।
তথ্যসূত্র: উত্তরভুমি








