ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল মিললো ডোবায়, পোশাক দেখে সনাক্ত

Rajshahi Samachar
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ । ১৪২ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় প্রায় দুইমাস আগে নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল মিললো ডোবায়। রবিবার দুপুরে কঙ্কাল পরিহিত পোশাক দেখে নিখোঁজ হওয়া পাঞ্জাতন সরকারকে সনাক্ত করা হয়। উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যার পর নিখোঁজ হন উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের বৃদ্ধ পাঞ্জাতন সরকার। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িসহ এলাকায় অনেক খোজ করেও তাঁকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বাঘা থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ছেলে স্থানীয় বাস মাস্টার হাফিজুর রহমান।

এদিকে রবিবার দুপুরে শুকিয়ে যাওয়া ডোবায় জমা হওয়া বাঁশের পাতা ও অন্যান্য অবর্জনার ফাঁকে একটি মানবকঙ্কাল দেখতে পান স্থানীয়রা। সেখানে গিয়ে নিখোঁজ পাঞ্জাতন সরকারে শরীরে পরিহিত পাঞ্জাবী এবং সোয়েটার দেখে তাকে পিতা হিসাবে সনাক্ত করেন হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, দুইমাস আগে এই ডোবায় পানি ছিলো। এখন শুকিয়ে গেছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পোশাক দেখে পরিবারের সদস্যরা তা সনাক্ত করেছে। এটি হত্যাকান্ড নাকি অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখা হবে। তবে কঙ্কালটি রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে। পরবর্তীতে রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।