ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গবেষণায় রাজশাহীতে মাদক ব্যবহার তুলনামূলক কম, তবে ঝুঁকি এখনো উদ্বেগজনক

Rajshahi Samachar
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ । ১০৭ জন
ছবি: সংগৃহীত

দেশে অবৈধ মাদক ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও তুলনামূলকভাবে রাজশাহী বিভাগে মাদক ব্যবহারের হার অন্যান্য বিভাগের চেয়ে কম—এমন তথ্য উঠে এসেছে জাতীয় পর্যায়ের এক গবেষণায়। গবেষণা অনুযায়ী, রাজশাহী বিভাগে মাদক ব্যবহারের হার ২ দশমিক ৭২ শতাংশ, যা দেশের বিভাগগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলের ৫০৪ নম্বর কক্ষে ‘বাংলাদেশে মাদক অপব্যবহারকারী ব্যক্তিদের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট কারণসমূহ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশের ৮টি বিভাগের ১৩টি জেলা ও ২৬টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ মানুষ অবৈধ মাদক ব্যবহার করেন, যার সংখ্যা প্রায় ৮২ লাখ।

গবেষণায় উঠে এসেছে, দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা—যার ব্যবহারকারী প্রায় ৬১ লাখ। এরপর রয়েছে ইয়াবা (প্রায় ২৩ লাখ) ও অ্যালকোহল (প্রায় ১৯ লাখ)। পাশাপাশি কোডিনযুক্ত কাশির সিরাপ, ঘুমের ওষুধ ও হেরোইনের ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি (৬ দশমিক ০২ শতাংশ)। এরপর রয়েছে রংপুর (৬ শতাংশ) ও চট্টগ্রাম (৫ দশমিক ৫০ শতাংশ)। তুলনামূলকভাবে রাজশাহী ও খুলনা বিভাগে মাদক ব্যবহারের হার কম থাকলেও বিশেষজ্ঞরা এটিকে স্বস্তির বিষয় নয় বলে মন্তব্য করেছেন।

গবেষণায় আরও জানানো হয়, মাদক ব্যবহারকারীদের বড় একটি অংশ অল্প বয়সেই মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রায় ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছর বয়সে এবং ৫৯ শতাংশ ১৮ থেকে ২৫ বছর বয়সে প্রথম মাদক গ্রহণ শুরু করেছেন।

মাদক সহজলভ্যতাকেই আসক্তির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে গবেষণায়। এছাড়া বেকারত্ব, বন্ধুমহলের প্রভাব, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপকে মাদক ব্যবহারের বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, রাজশাহীতে মাদক ব্যবহারের হার তুলনামূলক কম হলেও তরুণ ও কিশোরদের মধ্যে ঝুঁকি বাড়ছে। তাই এখনই কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।