আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ৯৮তম আসর। এই আসরে বিশ্বের নামকরা চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও সিনেমা বোদ্ধাদের পাশাপাশি উপস্থিত থাকবেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরাও।
এবারের অস্কার আসরে বাংলাদেশ থেকে সে সুযোগ পাচ্ছেন সাংবাদিক আল কাছির। তিনি বর্তমানে বেসরকারি সংবাদমাধ্যম স্টার নিউজ–এ কর্মরত। অস্কার কর্তৃপক্ষের অ্যাক্রেডিটেশন বিভাগ ইতোমধ্যে তার উপস্থিতি নিশ্চিত করেছে।
অস্কার কর্তৃপক্ষ স্টার নিউজের অফিসিয়াল ইমেইলে পাঠানো এক বার্তায় জানিয়েছে, “অস্কার কর্তৃপক্ষ আপনার (সংবাদমাধ্যমের পক্ষ থেকে করা) আবেদন গ্রহণ করেছে এবং আপনাকে অস্কার ইন্টারভিউ রুমে প্রবেশ ও কাজ করার অনুমতি দিয়েছে।”
ইমেইলে আরও উল্লেখ করা হয়, এই ক্রেডেনশিয়ালের মাধ্যমে আল কাছির লস অ্যাঞ্জেলেসের লোয়েজ হলিউড হোটেল–এর প্রেস রুম লেভেলে প্রবেশাধিকার এবং ইন্টারভিউ রুমে বসে অস্কারজয়ীদের সঙ্গে প্রশ্নোত্তরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এই ক্রেডেনশিয়াল শুধুমাত্র সেই সাংবাদিকদের জন্য, যারা সরাসরি অস্কারজয়ী শিল্পীদের প্রশ্ন করার পরিকল্পনা করছেন।
আল কাছির বলেন, “সিনেমা বিষয়ক আন্তর্জাতিক বড় বড় সব চলচ্চিত্র উৎসবগুলোর কাভার করার অভিজ্ঞতা আমার রয়েছে। এবার অস্কারের মত বড় উৎসবের আমন্ত্রণপত্র পেয়ে দারুণ ভালোলাগা কাজ করছে। তারউপর যখন জেনেছি আমার আগে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক সরাসরি অস্কার কাভার করেনি তখন আসলে নিজেই আপ্লুত হয়ে গেছি।”
তিনি মনে করেন, বিষয়টা ইতিহাস গড়ার মত। বলেন, এটা গর্বের ব্যাপার। সেখানে হাজির হয়ে বিশ্ব সিনেমা নিয়ে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে।








