রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাব্বির (২১)। তিনি নগরীর পবার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহমুখদুম থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) পূর্ব বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা জানান, জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল।
নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে ডাক্তার সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধর করেন। এরই জেরে বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, “মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।








