দীর্ঘদিনের সংগঠক ও রাজনৈতিক কর্মী থেকে এবার প্রশাসনিক দায়িত্বে আসছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তাকে রাজশাহী সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ এর আওতায় সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে কয়েকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে দেশের আরও কয়েকটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহীর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় মাহফুজুর রহমান রিটন মূলত সংগঠক হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে যুবদলের রাজনীতির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ করেন।
দলীয় কর্মসূচি বাস্তবায়ন, কর্মীদের সংগঠিত করা এবং নগর রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ধীরে ধীরে নগর বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। ২০২৫ সালে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে এখন তার সামনে নতুন প্রশাসনিক দায়িত্ব ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নগরের নাগরিক সেবা, উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সংগঠক হিসেবে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা প্রশাসনিক দায়িত্ব পালনে তাকে সহায়তা করতে পারে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।








