ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Rajshahi Mail
নভেম্বর ১৪, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ । ১২৭ জন

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের এক নেতা পুলিশ দেখে ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে লাফিয়ে আহত হলে গতকাল বুধবার গভীর রাতে তাঁকে ওই অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আমজাদ হোসেন (৪৫)। তিনি উপজেলার তাহেরপুর পৌরসভার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের ‘কাছের লোক’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধার ছোট ভাই।

আমজাদ ছাড়া গতকাল আওয়ামী লীগের আরেক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর কার্তিক চন্দ্র সাহা(৪২)। তাঁদের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগে মামলা আছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন ঘোষণার পর পুলিশ ধড়-পাকড় করতে পারে এমন আশঙ্কায় তিনি আমজাদ হোসেন আত্নগোপনে যান। গ্রেপ্তার এড়াতে তিনি বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একই উপজেলার সোনাডাঙ্গা এলাকায় শ্বশুর বাড়িতে অবস্থান নেন। গতকাল বুধবার দিবাগত রাতে তিনি রাতের খাবার খেয়ে শ্বশুর বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।পুলিশ বাড়িতে ঢুকে অভিযান শুরু করলে আমজাদ হোসেন ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে নিচে পড়ে তিনি পায়ের গোড়ালিতে আঘাত পান। পরে পুলিশ টের পেয়ে সেখান থেকে আহত অবস্থায় আটক করে।

অপরদিকে পুলিশ তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী ও তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কার্তিক চন্দ্র সাহাকে আটক করে। তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের মাছ ব্যবসার অংশীদার।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সময়ের আলোকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের ছাত্র- জনতার অভ্যুত্থানের দিনে দাঙ্গা হাঙ্গামার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও যুবদল নেতা মুনছুর রহমানের পায়ে গুলি করার অভিযোগ রয়েছে। তাঁদের ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়।