রাজশাহী মহানগরীতে এক রিকশাচালকের সততা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক উদ্যোগে হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা রিকশাচালক আবুল হোসেন বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তুলে জিরো পয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন। রিকশা থেকে নামার সময় ওই নারী যাত্রী অসাবধানতাবশত তাঁর ব্যবহৃত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে চলে যান।
পরে রিকশাচালক আবুল হোসেন ব্যাগটি খুলে দেখতে পান, এতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি স্থানীয় একজন ব্যক্তির মাধ্যমে আরএমপির ডিসি (সিটিটিসি) কার্যালয়ে যোগাযোগ করেন।
পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে রিকশাচালক আবুল হোসেনকে আরএমপির সদর দপ্তরে নেওয়া হয়। পরে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের সহায়তায় উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র গাজিউর রহমান, পিপিএম প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন।
যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে আরএমপির সদর দপ্তরে উপস্থিত হতে বলা হয়। পরে আনুষ্ঠানিকভাবে হারানো হ্যান্ডব্যাগ, মোবাইল ফোন ও নগদ অর্থ তাঁর কাছে হস্তান্তর করা হয়। হারানো মালামাল ফিরে পেয়ে সংশ্লিষ্ট নারী মালিক আরএমপি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিকশাচালক আবুল হোসেনের সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। আরএমপি কর্তৃপক্ষ তাঁর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সচেতন নাগরিকদের এমন নৈতিক আচরণ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
তথ্যসূত্র: উত্তরভূমি








