রাজশাহীর বাগমারায় ব্যাংকে টাকা জমা দিতে সহযোগিতার আশ্বাস দিয়ে এক কৃষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছেন দুই সহোদর। বৃহস্পতিবার বাগমারা উপজেলার শিকদারি বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচতলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম আবুল বাশার। তিনি যোগিপাড়া ইউনিয়নের উত্তর কোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত দুই সহোদর হলেন একই গ্রামের মাসুদ হোসেন (৩৫) ও মিলন হোসেন (৩০)।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী আবুল বাশারের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি শিকদারি বাজার শাখায় তিন লাখ টাকা জমা দিতে ব্যাংকে যান। ব্যাংকের নিচতলায় পৌঁছালে তাঁর সঙ্গে একই গ্রামের কীটনাশক ব্যবসায়ী মাসুদ ও তাঁর ভাই মিলনের দেখা হয়।
ব্যাংকে আসার কারণ জানতে চাইলে আবুল বাশার জানান, তিনি টাকা জমা দিতে এসেছেন। এ সময় টাকা জমা দেওয়ার পদ্ধতি নিয়ে সহযোগিতা চাইলে দুই ভাই তাঁকে সহায়তার আশ্বাস দেন এবং ব্যাংকের ভেতরে নিয়ে যেতে শুরু করেন।
ব্যাংকের সিঁড়িতে তখন অন্য কেউ না থাকায় সুযোগ নিয়ে তাঁরা দোতলায় ওঠার আগেই আবুল বাশারকে চেপে ধরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেন। পরে তিনি চিৎকার করতে করতে তাঁদের পিছু নিলেও ব্যাংকের নিচে আগে থেকে রাখা একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যান দুই ভাই।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মিলন হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাংকের নিচের একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী বিপ্লব হোসেন ও চা দোকানি আশরাফুল ইসলাম জানান, টাকা ছিনিয়ে নেওয়ার পর দুইজন একই মোটরসাইকেলে করে দ্রুত আত্রাইয়ের দিকে পালিয়ে যান। ভুক্তভোগী কৃষক ধাওয়া দিলেও তাঁদের আটকাতে পারেননি।
বাগমারা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী কৃষককে লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: পদ্মাটাইমস








