ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ চলছে প্রচার কার্যক্রম

Rajshahi Samachar
জানুয়ারি ৫, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ । ৮১ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর সি অ্যান্ড বি মোড়ে এ প্রচার কার্যক্রম শুরু হয়।

‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে। গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় বাস্তবায়ন করা হবে।

এ প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ডসংগীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গানের পরিবেশনা।

পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়। রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী ও উপপরিচালক নাফেয়ালা নাসরিন এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।

প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।