রাজশাহীর সাংবাদিকদের অংশগ্রহণে বহুল প্রত্যাশিত রাজশাহী মিডিয়া কাপ ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী ১৭ তারিখ ২০২৬। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি ইতোমধ্যে সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো— টেলিভিশন, বাংলাদেশ বেতার, প্রিন্ট মিডিয়া, বাসস, অনলাইন, মাল্টিমিডিয়া, ডিজিটাল এবং ফটোগ্রাফি।
প্রতিটি দলেই অভিজ্ঞ ও উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করা হয়েছে। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে থাকবে হাড্ডাহাড্ডি লড়াই—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
আয়োজক সূত্র জানায়, প্রথম দিনের ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। খেলাগুলোকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। মাঠে যেমন থাকবে প্রতিদ্বন্দ্বিতার আবহ, তেমনি মাঠের বাইরে থাকবে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মিলনমেলা।
আয়োজকদের মতে, রাজশাহী মিডিয়া কাপ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; এটি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সুস্থ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, টুর্নামেন্টের সকল খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে।








