ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পরিচয়পত্র পাচ্ছেন ফ্রিল্যান্সাররা

Rajshahi Samachar
জানুয়ারি ১৪, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ণ । ১০০ জন
ফ্রিল্যান্সারদের প্রতীকী পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

দেশে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ-সংক্রান্ত ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর আগারগাঁও আইসিটি বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এটি উদ্বোধন করেন। তিনি জানান, সফটওয়্যারের মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে নিতে পারবেন।

একই সঙ্গে প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে। এই ডেটাবেজ ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে আবেদন ফি, নবায়ন ফি, প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে। আবেদন ফি, নবায়ন ফি, প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।