ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় মাছ রক্ষায় নান্দাইলে মৎস্য সপ্তাহের উৎসব

তৌহিদুল ইসলাম সরকার, নান্দাইল (ময়মনসিংহ)
আগস্ট ১৮, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ । ১২১ জন

অভয়াশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহের নান্দাইল উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হচ্ছে। এ বছর ১৮-২৪ আগস্ট পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালিত হবে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়। র‌্যালিটি নরসুন্দা নদীর পাড়ে গিয়ে শেষ হয়, যেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়।

র‌্যালিতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা, চাষাবাদ বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল মাছ চাষীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

বাংলা পত্রিকা/এমআর