ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ । ৭৪ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী অক্টোবর মাসেই সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রসিকিউটর বলেন, মামলায় মোট সাক্ষী ৮১ জন থাকলেও সংখ্যাটি কমবেশি হতে পারে।

তিনি আরও জানান, এ মামলায় আসামি থেকে পরে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) কবে সাক্ষ্য দেবেন তা আগেই জানিয়ে দেওয়া হবে। আগস্ট-সেপ্টেম্বর মাসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহে তদন্ত কর্মকর্তা (আইও) ছাড়া রাষ্ট্রপক্ষের প্রায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ মামলার আসামি তিনজন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। অপর দুইজন পলাতক।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাগুলোর মধ্যে চারটির অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে তিনটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে এবং দুটিতে সাক্ষ্যগ্রহণ চলছে। প্রসিকিউশন আশা করছে, চলতি বছরের মধ্যেই এসব মামলার বিচারকাজ শেষ করা সম্ভব হবে।

বাংলা প্রত্রিকা/এমআর