ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসক সমাজের ওপর আঘাত: ডা. রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ । ১১০ জন

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারত্বের ওপর সরাসরি আঘাত হেনেছে।

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, আসিফ নজরুল ঢালাওভাবে চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়েছেন এবং তাঁদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে চিকিৎসক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মনে চিকিৎসকদের প্রতি ভুল বার্তা যেতে পারে।

ডা. রফিকুল বলেন, যে দেশে বাবা-মা তাঁদের সন্তানকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন, সে দেশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে। দায়িত্বশীল পদে থেকে কিছু ব্যক্তির দায় সমগ্র চিকিৎসক সমাজের ওপর চাপানো অনভিপ্রেত ও নিন্দনীয়।

তিনি উল্লেখ করেন, চিকিৎসকরা সীমাহীন শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। করোনাকালে জীবনবাজি রেখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনেও চিকিৎসকরা জীবন উৎসর্গ করেছেন এ বাস্তবতায় তাঁদের সম্মানহানি করার মতো মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আসিফ নজরুলের সমালোচনা করে তিনি বলেন, চিকিৎসকদের কোনো পেশাগত দুর্বলতা থাকলে তা সমাধান করতে হবে নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আলোচনার মাধ্যমে। কিন্তু তাঁদের ‘দালাল’ বলা দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক।

তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসা গ্রহণের প্রচারণা চালিয়ে আসিফ নজরুল পরোক্ষভাবে অন্য দেশের ব্র্যান্ডিং করেছেন। এতে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছেছে এবং দেশের চিকিৎসক সমাজ ক্ষুব্ধ হয়েছে।

ডা. রফিকুল অবিলম্বে আসিফ নজরুলের অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসকদের সম্মান ক্ষুণ্ণ না করে স্বাস্থ্যখাতের প্রকৃত সমস্যা যেমন দুর্নীতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বাজেট ঘাটতি ও ওষুধের দাম নিয়ন্ত্রণহীনতা— সমাধানে সরকারের উদ্যোগী হওয়া উচিত।

বাংলা প্রত্রিকা/এমআর